দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত; ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলো আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথাও জানান তিনি।
তিনি বলেন, ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে দেশের জনগণের উন্নয়ন করা যায়, বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।
আরটিভি/টিআর




