প্রধানমন্ত্রীর বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৩:১৩ এএম


প্রধানমন্ত্রীর বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
ছবি: ভিডিও থেকে নেওয়া।

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরা নিক্ষেপের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুরব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরা এসে পড়ে।

এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যেই বহরের একটি গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের গাড়িতে একটি ইটের টুকরা পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কি চলমান কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে, তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ‘পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে কাজ করছে পুলিশ।’

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে সকাল ১০টার দিকে বরিশালের গৌরনদীর বাটাজোরে পৌঁছান। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি পুনরায় সড়কপথে ঢাকার উদ্দেশে বরিশাল ত্যাগ করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো মহাসড়ক জুড়েই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তারই মধ্যে মাদারীপুর অংশে ঘটা এই ঘটনাটি এখন খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission