১ দিন ছুটি নিলে টানা ৪ দিন বন্ধ, সরকারি বিধিতে যা বলা আছে

আরটিভি নিউজ

বুধবার, ০৫ আগস্ট ২০২৬ , ১১:৩১ এএম


১ দিন ছুটি নিলে টানা ৪ দিন বন্ধ, সরকারি বিধিতে যা বলা আছে
ছবি: সংগৃহীত

এক দিনের ছুটি নিলেই টানা চার দিনের অবকাশ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এমন প্রচারণা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বিষয়টি যতটা সহজভাবে উপস্থাপন করা হচ্ছে, বাস্তবে সরকারি ছুটি বিধিতে এর ভিন্ন ব্যাখ্যা রয়েছে।

সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটির পর ৬ আগস্ট এক দিনের ছুটি নিলে ৭ ও ৮ আগস্টের সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ পাওয়া যাবে। একই ধরনের আলোচনা চলছে ২৬ আগস্টের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঘোষিত ছুটিকে ঘিরেও।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি ছুটি বিধি অনুযায়ী সরকারি বা সাপ্তাহিক ছুটির মাঝখানে কেউ অর্জিত ছুটি নিলে, সংযুক্ত ছুটির আগে বা পরের অংশের যেকোনো একটি পর্বও অর্জিত ছুটি হিসেবে গণনা করা হবে। ফলে কর্মচারীর ছুটির হিসাব থেকে অতিরিক্ত দিন কেটে নেওয়া হতে পারে।

উদাহরণ হিসেবে কর্মকর্তারা জানান, ৫ আগস্ট সাধারণ ছুটি, ৬ আগস্ট কর্মদিবস এবং ৭ ও ৮ আগস্ট সাপ্তাহিক ছুটি। এ অবস্থায় কেউ যদি ৬ আগস্ট অর্জিত ছুটি নেন, তাহলে বিধি অনুযায়ী ৬ আগস্টের পাশাপাশি ৫ আগস্টের এক দিন অথবা ৭ ও ৮ আগস্টের দুই দিনের যেকোনো একটি অংশও তার অর্জিত ছুটির হিসাব থেকে কেটে নেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে, বাস্তবে নিয়মটি তেমন নয়। দুই ছুটির মাঝখানে অর্জিত ছুটি নিলে সংযুক্ত ছুটির একটি অংশও অর্জিত ছুটি হিসেবে গণনা করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, অনেকেই মনে করেন এক দিনের ছুটি নিয়ে টানা চার দিনের অবকাশ পাওয়া যায়। কিন্তু বাস্তবে অর্জিত ছুটির হিসাব থেকে অতিরিক্ত দিন কেটে যাওয়ায় অনেক ক্ষেত্রে কর্মচারীর লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়।

তিনি আরও বলেন, এ ধরনের ছুটি নেওয়া সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ওপর নির্ভরশীল। একই সময়ে অনেক কর্মচারীকে ছুটি দেওয়া হলে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। তাই বাস্তবে খুব কম ক্ষেত্রেই এভাবে ছুটি অনুমোদন দেওয়া হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission