যে কারণে টুনা মাছটির দাম ২৫ কোটি টাকা

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ০৭ জানুয়ারি ২০১৯ , ০৫:২৩ পিএম


যে কারণে টুনা মাছটির দাম ২৫ কোটি টাকা

স্বাদ এবং পুষ্টি গুণের কারণে সামুদ্রিক টুনা মাছের খ্যাতি বিশ্বব্যাপী। বিভিন্ন দেশে টুনার কদর থাকলেও জাপানে যেন তার কদর একটু বেশিই। তবে একটি টুনা মাছের দাম কত? কেজি প্রতি বাজার অনুযায়ী তিনশ থেকে পাঁচশ টাকা।

কিন্তু সম্প্রতি জাপানের বিখ্যাত মাছের বাজার সুকিজিতে এক বিরল প্রজাতির একটি টুনা মাছ নিলামে বিক্রি হয়। যার দাম শুনলে যে কেউ চমকে উঠবেন। ৩১ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে সেই টুনা মাছটি। বাংলাদেশি টাকায় হিসাব করলে এর মূল্য হয় ২৫ কোটি টাকারও বেশি হয়। 

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরায় বলা হয়- ২৭৮ কিলোগ্রাম ওজনের দৈত্যাকার নীল পাখনাওয়ালা একটা টুনা মাছ ধরা পড়ে জাপানের উত্তর উপকূলে মৎসজীবীদের জালে । মাছটি ছিল বিরল প্রজাতির ব্লু ফিন গোত্রের। এটি ধরা পড়ার পর পরই সুকিজি বাজারে আলোড়ন পড়ে যায়।

এত বড় মাছ সাধারণত নিলাম করেই বিক্রির রীতি প্রচলিত রয়েছে ওই এলাকায়। আলোচিত মাছটিও তাই নিলামে তোলা হয়। অনেক ব্যবসায়ীই মাছটির দাম হাঁকতে শুরু করেন। শেষ পর্যন্ত মাছটি বিক্রি হয় ৩১ লাখ ডলারে। ওই এলাকার বিখ্যাত টুনা কিং নামে এক রেস্টুরেন্ট চেইনের মালিক কিওশি কিমুরা ওই মাছটি কেনেন।

কিমুরা সংবাদ মাধ্যমকে বলেন, মাছটি দেখতে বেশ তাজা আর সুস্বাদু দেখাচ্ছিল। যদিও দামটা তুলনামুলকভাবে বেশি। তবে আমি আশা করছি ক্রেতারা মাছটি পছন্দ করবেন।

অবশ্য সুকিজি বাজারে কয়েক বছর ধরেই কিমুরাই সবচেয়ে বেশি নিলাম ডাককারী হিসাবে পরিচিত। এর আগে ২০১৩ সালে তিনি ১৪ লাখ ডলার দিয়ে একটি মাছ কিনে রেকর্ড করেছিলেন।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission