৪০ বছর পর যে কারণে বন্ধ হলো শাহবাগের শিশুপার্ক

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২০ জানুয়ারি ২০১৯ , ০৩:১৭ পিএম


৪০ বছর পর যে কারণে বন্ধ হলো শাহবাগের শিশুপার্ক
ফাইল ছবি

আপাতত বন্ধ হয়ে গেল ৪০ বছরের পুরনো রাজধানীর শাহবাগের ঐতিহাসিক শিশুপার্ক। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই এই বিনোদন কেন্দ্রটির সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

শিশুপার্কের আধুনিকায়নের লক্ষ্যে পার্কটি আপাতত বন্ধ রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

জানা গেছে, ঐতিহাসিক এই পার্কে অত্যাধুনিক রাইড স্থাপন করা হবে। এছাড়াও ভূগর্ভস্থ গাড়ি পার্কিং, দৃষ্টিনন্দন জলাধার, আন্ডারপাস, মসজিদ নির্মাণের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ২৬৫ কোটি ৪৪ লাখ টাকা ব্যয়ে ২০১৯ সাল পর্যন্ত এই প্রকল্পের কাজ চলবে।

তবে চলতি মাসের ২০ দিন পেরিয়ে গেলেও সংস্কার কাজের জন্য আপাতত বন্ধের খবর অনেকেই জানেন না বলে অভিযোগ রয়েছে।

ফলে প্রতিদিনই শিশু-সন্তানদের নিয়ে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছে অনেক পরিবার।

অবশ্য ভিন্ন কথা বলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নোটিশ দিয়েই পার্কটি বন্ধ করা হয়েছে বলে দাবি তাদের।

তারা বলছে, পার্কের দুটি প্রবেশপথেও বিজ্ঞপ্তি ঝুলানো হয়েছে। একইসঙ্গে দেশের বেশ কয়েকটি পত্রিকা মারফত নোটিস দেয়া হয়েছে।

ওই নোটিস সূত্রে জানা গেছে, ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতাস্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শাহবাগ শিশুপার্কের উন্নয়ন ও আধুনিকায়ন কাজ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় শিশুপার্ক সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে।

পার্কের উন্নয়ন ও আধুনিকায়নের কাজের সমাপ্তির পর শিশুপার্কটি সর্বসাধারণের জন্য খোলার বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission