জাকসু নির্বাচনে বাগছাস ও ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ , ০৬:০৬ এএম


জাকসু নির্বাচনে বাগছাস ও ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ ও ইসলামী ছাত্রশিবির ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেল ঘোষণা করেছে। তবে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত একটি প্যানেল আলোচনায় থাকলেও এখন পর্যন্ত তাদের প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। 

শিক্ষার্থী ঐক্য ফোরাম থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরিফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক (জিএস) পদে আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, এজিএস (পুরুষ) পদে জিয়াউদ্দিন আয়ান এবং এজিএস (নারী) পদে মালিহা নামলাহ প্রমুখ। অন্যদিকে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নামে প্যানেলে ভিপি পদে আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম, এজিএস (ছেলে) পদে ফেরদৌস আল হাসান এবং এজিএস (মেয়ে) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা প্রমুখ রয়েছেন।

আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশিদ জিতুর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল এবং বামপন্থী শিক্ষার্থীদের দুইটি প্যানেল আলোচনায় রয়েছে।

ছাত্রদল সূত্রে জানা গেছে, জাবি শাখা ছাত্রদলের হল কমিটি গঠনের পর থেকে সংগঠনটির নেতাকর্মীদের একটি অংশ আহ্বায়ক-সদস্য সচিবকে অবাঞ্ছিত ঘোষণা করে বিদ্রোহ করে। এরপর থেকে শাখা ছাত্রদলে গ্রুপিং ও বিশৃঙ্খলা বিরাজমান।

সংগঠনটির আহ্বায়ক কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত অভ্যন্তরীণ কোন্দলের কারণে এখনো ছাত্রদলের প্যানেলের নাম ও প্রার্থীদের চূড়ান্ত করতে পারেনি সংগঠনটি।

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ছাত্রদল একটি বৃহৎ সংগঠন। একই পদে একাধিক পদপ্রার্থী থাকায় প্যানেল ঠিক করতে সময় লাগছে। আমাদের প্যানেল মোটামুটি চূড়ান্ত। যেকোনো মুহূর্তে ছাত্রদলের প্যানেল ঘোষণা হতে পারে বলেও দাবি করেন তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission