দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃহস্পতিবার (১৮ জুন) শুরু হয়েছে ফোটোনিক্স ও কম্পিউটেশনাল প্রযুক্তিবিষয়ক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সিম্পোজিয়াম ‘স্পেক্ট্রা-২০২৬’।
বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে আয়োজিত এ সিম্পোজিয়ামের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম শিকদার। তিনি বলেন, ফোটোনিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডেটা সায়েন্স আগামী দিনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. জামিল সুলতান। সিম্পোজিয়ামের জেনারেল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মেহেদী ইসলাম এবং কনফারেন্স চেয়ার হিসেবে রয়েছেন আইইইই ফোটোনিক্স সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান ড. নাসরিন সুলতানা। কারিগরি প্রোগ্রাম কমিটির প্রধান হিসেবে যুক্ত আছেন অধ্যাপক ড. মো. মাহবুব হোসেন।
আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির সমসাময়িক গবেষণা ও উদ্ভাবনকে সামনে আনতে এ সিম্পোজিয়ামের আয়োজন করেছে IEEE Photonics Society HSTU Student Branch Chapter। ইভেন্টটি যৌথভাবে পরিচালনা করছে ECE Club of HSTU। আর কারিগরি সহ-পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে IEEE Photonics Society Bangladesh Chapter।
আগামী দুই দিন বিভিন্ন টেকনিক্যাল সেশন, গবেষণাপত্র উপস্থাপন এবং জ্ঞান বিনিময়ের মাধ্যমে সিম্পোজিয়ামের কার্যক্রম চলবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন হাবিপ্রবিসহ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের গবেষণা সহযোগিতা ও প্রযুক্তি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।
আরটিভি/টিআর




