প্রিয়জনের অনুপ্রেরণায় বিসিএস ক্যাডার প্রিয়া

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ০৭:১৬ পিএম


প্রিয়জনের অনুপ্রেরণায় বিসিএস ক্যাডার প্রিয়া
স্বামীর সঙ্গে শাহনাজ পারভীন প্রিয়া। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) দেশের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতামূলক সরকারি নিয়োগ পরীক্ষা। প্রতিবছর লাখো প্রার্থী এই পরীক্ষায় অংশ নিলেও কঠোর প্রতিযোগিতা পেরিয়ে অল্পসংখ্যকই কাঙ্ক্ষিত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেন। 

এমনই একজন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী মোছা. শাহনাজ পারভীন প্রিয়া। তিনি ৪৭তম বিসিএসে ফ্যামিলি প্ল্যানিং ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জন্ম ও বেড়ে ওঠা শাহনাজ পারভীন প্রিয়ার। বর্তমানে তার শ্বশুরবাড়ি পুরান ঢাকার নিমতলিতে। পারিবারিকভাবে সচ্ছল পরিবেশে বেড়ে ওঠা শাহনাজের জীবনে বিসিএস ছিল একমাত্র লক্ষ্য।

শাহনাজ জানান, বিয়ের পর ২০২৪ সাল থেকে তার বিসিএসের প্রস্তুতির যাত্রা শুরু হয়। এই দীর্ঘ পথচলায় তিনি নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। অনেকেই তাকে নিরুৎসাহিত করে বলেছেন, তাকে দিয়ে বিসিএস হবে না এবং এই প্রস্তুতি সময় নষ্ট ছাড়া আর কিছু নয়। তবে তিনি কখনো হাল ছাড়েননি। তবে এই সাফল্যের গল্প বলতে গিয়ে বারবার ফিরে এসেছে আরেকটি নাম তার স্বামী ওয়াকিফুর রহমান ইমরান।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে শাহনাজ বলেন, এই জার্নিতে আমার সবচেয়ে বড় শিক্ষা হলো কখনো হাল ছাড়া যাবে না। যখন মনে হবে সামনে আর কোনো পথ নেই, পিঠ দেয়ালে ঠেকে গেছে, তখন ধৈর্য ধরে আল্লাহর সাহায্যের অপেক্ষা করতে হবে। আমি বিশ্বাস করি, এই জায়গা থেকেই মানুষের সবচেয়ে বড় সফলতা আসতে শুরু করে।

তিনি আরও বলেন, বিসিএস প্রস্তুতির পুরো সময়জুড়ে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন আমার স্বামী। যখনই আমি হতাশ হয়েছি বা আত্মবিশ্বাস হারিয়েছি, তখন তিনি আমাকে সাহস দিয়েছেন। তিনি সবসময় বলেছেন, তুমি পারবে, প্রিয়া। কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে এবং মহান আল্লাহর ওপর আস্থা রাখতে উৎসাহ দিয়েছেন। তার সমর্থন ও বিশ্বাস আমার সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শাহনাজ পারভীন প্রিয়া বলেন, একজন বিসিএস ক্যাডার হিসেবে আমার প্রধান লক্ষ্য হলো সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে দেশের মানুষের কল্যাণে কাজ করা। রাষ্ট্রের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জনগণের আস্থা অর্জন, সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখা এবং নিজের কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক অবদান রাখাই আমার ভবিষ্যৎ স্বপ্ন।

আরও পড়ুন

শাহনাজ পারভীন প্রিয়ার এই সাফল্যের গল্প শুধু একটি চাকরি পাওয়ার গল্প নয়, এটি ধৈর্য, অধ্যবসায়, বিশ্বাস এবং দাম্পত্য অনুপ্রেরণার এক অনন্য উদাহরণ। নিজের স্বপ্ন পূরণের পথে তিনি যেমন অবিচল থেকেছেন, তেমনি তার স্বামীও সেই স্বপ্নকে নিজের স্বপ্ন হিসেবে ধারণ করে পাশে থেকেছেন। আর সেই সম্মিলিত প্রচেষ্টার ফলাফল হিসেবে আজ তিনি বিসিএস ক্যাডার হওয়ার গৌরব অর্জন করেছেন।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission