বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী

রাবি সংবাদদাতা, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৯:০৯ এএম


বৃত্তির জন্য রাবিকে ১০ লাখ টাকা অনুদান দিলেন ভূমিমন্ত্রী
ছবি: আরটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।

সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে মন্ত্রীর পক্ষে তাঁর সহধর্মিণী অধ্যক্ষ সালমা শাহাদাত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

এ সময় অধ্যক্ষ সালমা শাহাদাত এ অর্থ দিয়ে একটি ট্রাস্ট ফান্ড গঠন করে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের অনুরোধ জানান।

চেক গ্রহণ শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম এ মহৎ উদ্যোগের জন্য ভূমিমন্ত্রীর পরিবারকে ধন্যবাদ জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অধ্যক্ষ সালমা শাহাদাতের হাতে একটি স্মারক উপহার তুলে দেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস. এম. কামরুজ্জামান বলেন, ‘এই অর্থ শুধুমাত্র একটি নির্দিষ্ট খাতে ব্যয় করা হবে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বা অ্যাওয়ার্ড প্রদান করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আমরা একটি নীতিমালা প্রণয়ন করব।’

উল্লেখ্য, গত ৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু তাঁর মরহুম পিতা ফজলার রহমানের স্মরণে একটি বৃত্তি চালুর জন্য ১০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission