জুলাই শহীদদের স্মরণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুটবল অ্যাসোসিয়েশন।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শুরুর আগে জুলাই শহীদদের স্মরণে উভয় দলের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেন। নির্ধারিত সময়ে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে জুনিয়র একাদশ ৩-১ গোলে জয়লাভ করে।
শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজের তত্ত্বাবধানে আয়োজিত এ ম্যাচে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলীসহ ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটির পক্ষে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, শিক্ষার্থীদের মধ্যে জুলাইয়ের চেতনা জাগ্রত করা এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করতেই আমাদের এ আয়োজন। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি ফুটবল ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছিলাম। কিন্তু প্রশাসন সে আয়োজন না করায় আমরা নিজেরাই এ ম্যাচের আয়োজন করেছি।
আরটিভি/টিআর



