ষোড়শ সংশোধনীর আপিল শুনানি ফের সোমবার

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ২১ মে ২০১৭ , ০৬:০৪ পিএম


ষোড়শ সংশোধনীর আপিল শুনানি ফের সোমবার

বিচারপতিদের অপসারণের ক্ষমতাসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের আপিল শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গেলো ৯ মে মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি শেষে ২১ মে পরবর্তী দিন ঠিক করেন। এ সময় ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে নিয়োগ দেয়া অ্যামিকাস কিউরিরাও উপস্থিত ছিলেন।

গেলো ১২ মার্চ সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আজকের দিন ঠিক করেছিলেন আদালত। একইসঙ্গে নিয়োগ দেয়া ১২ অ্যামিকাস কিউরিকে এ সময়ের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলেন।

গেলো ৮ ফেব্রুয়ারি ষোড়শ সংশোধনীর আপিল শুনানিতে ১২ অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আপিল বিভাগ।

এই ১২ বিশিষ্ট আইনজীবী হলেন- বিচারপতি টি এইচ খান, ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি, ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার শফিক আহমেদ, এম আই ফরুকী, ব্যারিস্টার ফিদা এম কামাল, এ জে মোহাম্মদ আলী, এ এফ হাসান আরিফ ও  আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

গেলো বছরের ১১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাষ্ট্রপক্ষ।

গেলো বছরের ৫ মে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ষোড়শ সংশোধনী অবৈধ বলে রায় ঘোষণা করেন।

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission