জানা গেল ৪৬তম বিসিএস প্রিলিমিনারির নতুন তারিখ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪ , ০৬:৪০ পিএম


বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ফাইল ছবি

চলতি বছরের মার্চে হওয়ার কথা ছিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু দুই সিটির নির্বাচন ও রমজানকে সামনে রেখে এই তারিখে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

এরপর থেকেই শোনা যাচ্ছিল এবারের বিসিএসের প্রিলিমিনারি পর্বের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ঈদের পর। তেমনটাই হতে যাচ্ছে বলে এবার নিশ্চিত করেছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র। 

সূত্র বলছে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে হতে পারে ঈদুল ফিতর। এ অবস্থায় পরীক্ষা হতে পারে ২০ এপ্রিলের পর।

এর আগে ১৮ জানুয়ারি পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, '৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ (শনিবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।' কিন্তু দুই সিটি করপোরেশনের নির্বাচন ও রমজান মাসের কারণে পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষার তারিখ।
 
প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে আবেদন প্রক্রিয়া চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবারের বিসিএসে মোট পদ ৩ হাজার ১৪০টি। বিপরীতে জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজার আবেদন।

৪৬তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এরমধ্যে সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি ৫২০ জন নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ছাড়া প্রশাসনে ২৭৪, পররাষ্ট্রে ১০, পুলিশে ৮০, আনসারে ১৪, মৎস্যে ২৬ ও গণপূর্তে ৬৫ জন নেওয়া হবে।

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission