লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ব্যারিস্টার তারেক চৌধুরী সভাপতি এবং আকরামুল হোসাইন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) লন্ডনের স্থানীয় একটি হলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৩৫ জন ভোটারের মধ্যে ৩২৫ জন ভোটার সরাসরি অংশগ্রহণের মাধ্যমে তাদের নতুন অভিভাবক বেছে নেন। নবনির্বাচিত এই কমিটি লন্ডনের প্রবাসী সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। আগামী দুই বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।
এবারের নির্বাচনে অন্যতক বড় চমক ছিল আরটিভির লন্ডন প্রতিনিধি ও টপ নিউজ সম্পাদক সরওয়ার হোসেনের বিশাল জয়। তিনি নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন। কমিটির কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে বিজয়ী হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান। এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তাইসির মাহমুদ এবং ভাইস প্রেসিডেন্ট পদে আহাদ চৌধুরী বাবু নির্বাচিত হয়েছেন। ভোটারদের বিপুল উপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচন প্রবাসে বাংলা গণমাধ্যমের শক্তি ও ঐক্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
নির্বাহী কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে আব্দুল কাদির চৌধুরী মুরাদ ও অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার পদে এখলাসুর রহমান পাক্কু দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক হিসেবে আলাউর রহমান খান শাহীন, মিডিয়া ও আইটি সম্পাদক ফয়সাল মাহমুদ এবং ইভেন্ট সম্পাদক পদে রূপি আমিন নির্বাচিত হয়েছেন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আরও বিজয়ী হয়েছেন শাহিদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনাম চৌধুরী।
আরটিভি/এআর





