নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আরেকটি গর্বের অধ্যায় যুক্ত হলো। ২০ অক্টোবর সন্ধ্যায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নিউ ইয়র্কের জ্যামাইকার হিলসাইড এলাকায় জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহনাওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও শাহনাওয়াজ, সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর, বাংলাদেশ সোসাইটির আহসান হাবিবসহ অনেকেই।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান অনুষ্ঠানে বলেন, নিউ ইয়র্কে স্টুডিও স্থাপনের মধ্য দিয়ে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল।

তিনি আরও বলেন, আরটিভি এখন শুধু একটি চ্যানেল নয়, এটি হয়ে উঠেছে বৈশ্বিক বাংলাদেশিদের কণ্ঠস্বর।
অনুষ্ঠানে আরটিভির বিভিন্ন অনুষ্ঠান, কমিউনিটি কভারেজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

সংগীতশিল্পী আসিফ আকবর তার বক্তব্যে আরটিভির সঙ্গে পুরনো দিনের স্মৃতিচারণ করেন।
তিনি বলেন, আরটিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য আরটিভি তথ্যের জানালা হিসেবে কাজ করবে।
শারমিনা সিরাজ সোনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফাহাদ সোলায়মান, অভিনেতা বাবুল আহমেদ, ইমন, শাহনাওয়াজ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট ও নারী উদ্যোক্তা রানু নাওয়াজ, প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান, অলিভ আহমেদ, সংগীতশিল্পী বাদশা বুলবুল, আতিয়া আনিসা, টিনা রাসেল, অনিক রাজ, রেশমি মির্জা, শেখ নীলিমা শশী, নাজু আকন্দ, রন্টি দাশ, পলি সায়ন্তী, অভিনয়শিল্পী, হিল্লোল, নওশিন, মোনালিসা, নোভা, কমিউনিটি অ্যাকটিভিস্ট তরিকুল ইসলাম মিঠু, বদরুদ্দোজা সাগর, পরিচালক নাঈম ইমতিয়াজ নেয়ামুল, রনি ভৌমিক, সাংবাদিক বেলাল আহমেদ, ফটো সাংবাদিক নেহার সিদ্দিকী, সাউন্ড ইন্জিনিয়ার আরিফুজ্জামান, দ্য ক্যাপ্টেনব্যান্ডসের সৌরভ, নওয়াজ, মিঠুন, সায়েদুর রহমানসহ বাংলার গায়েন ও ইয়াংস্টারের একঝাঁক তারকা সংগীতশিল্পী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আরটিভির নিউ ইয়র্ক স্টুডিও উদ্বোধনের বর্ণাঢ্য অনুষ্ঠানটি দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ২০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। আকর্ষণীয় দ্বিতীয় পর্ব নিউ ইয়র্ক সময় ২৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
আরটিভি/এএইচ-টি





