মানুষের জীবনে চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট আর অপূর্ণতার শেষ নেই। কেউ রিজিকের জন্য দোয়া করেন, কেউ সুস্থতা চান, আবার কেউ মানসিক শান্তি বা প্রিয়জনের ভালোবাসা কামনা করেন। এমন সময়ে অনেকের মনেই প্রশ্ন জাগে— এমন কোনো দোয়া কি আছে, যে দোয়া পড়লে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেন?
হাদিসে এমন একটি দোয়ার কথা পাওয়া যায়, যা পড়লে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন বলে জানিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)।
দোয়াটি হলো—
«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ»
উচ্চারণ: “আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদ, লা ইলাহা ইল্লা আনতা, আল-মান্নানু, বাদীউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।”
অর্থ: “হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এ সাক্ষ্য দিয়ে যে, সব প্রশংসা আপনারই। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি মহাদাতা, আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। হে মহিমা ও সম্মানের অধিকারী! হে চিরঞ্জীব! হে সবকিছুর ধারক ও রক্ষণাবেক্ষণকারী!”
হাদিসে এসেছে, এক ব্যক্তি এ দোয়া পড়লে রাসুলুল্লাহ (সা.) বলেন—
«لَقَدْ دَعَا اللَّهَ بِاسْمِهِ الْأَعْظَمِ، الَّذِي إِذَا دُعِيَ بِهِ أَجَابَ، وَإِذَا سُئِلَ بِهِ أَعْطَى»
অর্থ: “সে আল্লাহকে তাঁর মহান নামের মাধ্যমে ডেকেছে; যে নামে ডাকলে আল্লাহ সাড়া দেন এবং যে নামে চাইলে তিনি দান করেন।” — (আবু দাউদ: ১৪৯৫, তিরমিজি: ৩৫৪৪, নাসাঈ: ১৩০০)
দোয়া শুধু কিছু শব্দ নয়; এটি বান্দার হৃদয়ের আর্তনাদ এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের অন্যতম মাধ্যম। মানুষ যখন সব পথ বন্ধ দেখে, তখনও আল্লাহর দরজা খোলা থাকে।
এই দোয়াটি নামাজের আগে, পরে কিংবা দিনের যেকোনো সময় পড়া যায়। আন্তরিকতার সঙ্গে আল্লাহকে ডাকলে তিনি বান্দার প্রার্থনা শুনেন এবং উত্তম ফয়সালা দান করেন।
তাই জীবনের দুঃখ, ভয়, সংকট কিংবা অপূর্ণতার সময়ে বেশি বেশি এই দোয়া পড়ার পরামর্শ দিয়েছেন আলেমরা।
আরটিভি/জেএমএ



