শীতকাল এলেই মোটরসাইকেল চালকরা একটি অতি পরিচিত সমস্যায় পড়েন, সেটা হলো মোটরসাইকেল স্টার্ট না হওয়া। প্রথমে সেলফ স্টার্ট বাটন চাপতে চাপতে ব্যাটারি ডাউন করে ফেলি, এরপর কিক মারতে মারতে পা ব্যথা করে ফেলি। কিন্তু কিছুতেই বাইক স্টার্ট হতে চায় না। এর ফলে গন্তব্যস্থলে পৌঁছাতেও দেরি হয়ে যায়। তবে মাত্র কয়েকটি বিষয় মেনে চললেই এই সমস্যা থেকে সমাধান পেতে পারেন।
নিয়মিত ইঞ্জিন চালু করুন : আমরা অনেকেই বাইক না চালিয়ে দিনের পর দিন ফেলে রাখি। এর ফলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এ ছাড়া শীতকালে বাইকের ইঞ্জিন প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তাই নিয়মিত না চালালেও প্রতিদিন অন্তত বাইকটি একবার ডবলস্ট্যান্ড করে কমপক্ষে পাঁচ মিনিটের জন্য স্টার্ট করে রাখুন। এর ফলে বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং স্টার্ট নিতেও সমস্যা হবে না।
ব্যাটারি চার্জ করুন : ব্যাটারি ডাউন হয়ে যাওয়ার কারণে অনেক সময় বাইক স্টার্ট নিতে চায় না। কারণ, ইঞ্জিন চালু হতে ব্যাটারি থেকে যতটুকু শক্তি সরবরাহের প্রয়োজন সেটি পাওয়া যায় না। এজন্য ব্যাটারি চার্জ করাতে হবে। তবে আপনি যদি নিয়মিত মোটরসাইকেল চালান তবে সাধারণত ব্যাটারি ডাউন হয় না। কারণ, বাইকের চাকা ঘুরলে ব্যাটারিও চার্জ হতে থাকে।
নিয়মিত ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন : একটি নির্দিষ্ট সময় অন্তর বাইকের থাকা ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন। ইঞ্জিন অয়েল অনেক সময়ে পাতলা হয়ে যায়। এ ছাড়া বাইক দীর্ঘদিন ফেলে রাখলেও বাইকের ইঞ্জিন অয়েল নষ্ট হয়ে যায়। এর ফলে বাইক স্টার্ট নিতে চায় না।
স্পার্কপ্লাগ পরিষ্কার রাখুন : বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ হল স্পার্ক প্লাগ। এটি নিয়মিত পরিষ্কার রাখা উচিত। স্পার্ক প্লাগে অতিরিক্ত কালি জমে যাওয়ার কারণে অনেক সময় বাইক স্টার্ট হতে চায় না।
কিকস্টার্ট ব্যবহার করুন : অনেকেই শুধু সেলফ স্টার্ট ব্যবহার করেন, একদমই কিক স্টার্ট ব্যবহার করতে চান না। তবে শীতকালে দিনের শুরুতে কিক দিয়েই বাইক স্টার্ট করা উচিত। কারণ, এই সময়ে বাইকের ইঞ্জিন প্রচণ্ড ঠান্ডা থাকে ফলে অনেক সময় সেলফ স্টার্ট নিতে চায় না। এরপরও আমরা সেলফ স্টার্ট বাটন চাপতে চাপতে ব্যাটারির সব চার্জ ফুরিয়ে ফেলি। যা মোটেই ঠিক নয়।
চোক ব্যবহার করুন : কিক মারার পরও যদি বাইক স্টার্ট হতে না চায়। তবে চোক টেনে ধরুন এরপর আবারও কিক দিন। প্রায় সব কার্বুরেটর বাইকেই চোক থাকে। এটি সাধারণত বাইকের হ্যান্ডেলবারের বাম দিকে অথবা ফুয়েল ট্যাংকির নিচের দিকে থাকে। চোক টেনে ধরলে বাইকের ইঞ্জিন অতিরিক্ত জ্বালানি তেল সরবরাহ হওয়ার ফলে সহজেই বাইক স্টার্ট হয়ে যায়। তবে বাইক স্টার্ট হলে কয়েক মিনিট পিকাপ দিয়ে ইঞ্জিনটা গরম করে নিন। এরপর আবার চোক বন্ধ করে বাইক চালানো শুরু করুন। তবে চোক টেনেও যদি বাইক স্টার্ট না হয় তবে ভালো করে দেখুন তেলের চাবি বন্ধ রয়েছে কি না। এটি চালু থাকার পর যদি বাইক স্টার্ট না হয় তবে বাইকটি মেকানিকের কাছে নিয়ে যান।
