স্মার্ট হোম এমন একটি শব্দ, যা দিয়ে আধুনিক বাড়িগুলোকে বোঝায়। এসব বাড়ি উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি এবং পরিচালিতও হয় প্রযুক্তির সাহায্যে। তেমনই একটি প্রযুক্তি গুগলের জেমিনি এআই। সম্প্রতি একদল গবেষক একটি প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছেন, জেমিনি এআই স্মার্ট হোম ডিভাইস হ্যাক করে ভয়ংকর ক্ষতি করতে সক্ষম। আবার অনেকে গুগলের এই জেমিনি এআই দিয়ে ভিডিও ও অডিও তৈরি করে। কিন্তু এতে অনেক ঝুঁকি আছে।
গবেষকরা জেমিনি ব্যবহারে পরিচালিত ডিভাইস হ্যাক করে ঘরের স্মার্ট যন্ত্রপাতি নিয়ন্ত্রণে নেওয়া ও সেগুলো ব্যবহার করে সম্ভাব্য ক্ষতি করার সক্ষমতা প্রদর্শন করেছেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, গবেষক দলটি একটি গুগল ক্যালেন্ডার ইনভাইটেশনের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনে থাকা জেমিনি অ্যাসিস্ট্যান্ট হ্যাক করে। তারপর তাতে বিশেষভাবে তৈরি ক্ষতিকর কোড যুক্ত করে। গবেষকেরা জেমিনিকে ইনভাইটেশনের বিবরণ সংক্ষেপে বলার প্রম্পট দিলে কোডটি সক্রিয় হয়ে পড়ে। এরপর তা ঘরের অন্যান্য ডিভাইসে ধারাবাহিকভাবে কমান্ড কার্যকর করতে থাকে। ফলে এটি স্পষ্ট যে ভুল ব্যবহারে এআই ভয়াবহ হুমকি তৈরি করতে পারে। স্মার্ট ডিভাইসগুলো এমন আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ। এর সঙ্গে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) যুক্ত হলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
গবেষকেরা জানান, স্মার্ট হোম প্রযুক্তিতে এআই ব্যবহারের আগে শক্তিশালী সুরক্ষাব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য। সম্ভবত এ কারণেই গুগল এখনো তাদের স্মার্ট স্পিকারে জেমিনি ব্যবহারের অনুমোদন দেয়নি। তবে গুগলের পরিকল্পনা অনুযায়ী, শিগগিরই জেমিনি স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, এমনকি গাড়িসহ আরও বেশ কিছু যন্ত্রাংশে জেমিনি এআই যুক্ত করা হবে।
প্রতিষ্ঠানটির মতে, এআই দিয়ে স্মার্ট ডিভাইস নিয়ন্ত্রণে সম্ভাব্য ঝুঁকি রয়েছে। তবে তারা জানিয়েছে, যেকোনো বিপর্যয় এড়াতে তারা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে।
সূত্র: নিউজ১৮
আরটিভি/এস
