অফিস পেরিয়ে এবার সংসারেও এআই

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ০৮:৫৪ এএম


অফিস পেরিয়ে এবার সংসারেও এআই
ছবি: সংগৃহীত

কর্মক্ষেত্রের পর এবার পারিবারিক জীবনেও দ্রুত বিস্তার ঘটছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির। শুধু অফিসের কাজ নয়, এখন ঘরের কেনাকাটা, সন্তানদের পড়াশোনা, দৈনন্দিন পরিকল্পনা এমনকি মানসিক সহায়তার ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে এআই।

প্রযুক্তিবিশেষজ্ঞরা বলছেন, এটি যেমন জীবনকে সহজ করছে, তেমনি ব্যক্তিগত গোপনীয়তা ও সামাজিক সম্পর্কের ওপর নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক এআই কেবল নির্দেশনা অনুসরণ করে না। এটি পরিবারের সদস্যদের অভ্যাস, রুটিন ও প্রয়োজন বুঝে সেই অনুযায়ী সহায়তা করতে পারে। ফলে অনেক পরিবারের কাছে এআই ধীরে ধীরে একজন ‘ডিজিটাল সহকারী’ বা ভার্চুয়াল সদস্যে পরিণত হচ্ছে।

এআই-এমপাওয়ার্ড মম-এর প্রতিষ্ঠাতা সারা ডুলির ভাষ্য, পারিবারিক জীবনে এআই ব্যবহারের খরচ ও প্রযুক্তিগত জটিলতা এখন অনেক কমে এসেছে। এ কারণে প্রযুক্তিটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সুবিধার বিনিময়ে মানুষ নিজেদের ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা ক্রমেই প্রযুক্তি প্রতিষ্ঠানের কাছে তুলে দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিবারে এআইয়ের ব্যবহারও দিন দিন বাড়ছে। ওহাইওর একটি পরিবারে মা ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সার সাহায্য নিলেও, তার সন্তানরা চ্যাটজিপিটি ও মানসিক সহায়তামূলক চ্যাটবট ব্যবহার করছে। অন্যদিকে সাত সন্তানের জননী জেসি জেনেটের পরিবারে কেনাকাটা, সন্তানদের পড়াশোনা এবং বিভিন্ন প্রশাসনিক ও আইনি কাজ পরিচালনায় ব্যবহার করা হচ্ছে একাধিক এআই এজেন্ট।

এদিকে, ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওপেনএআই এমন একটি ডিসপ্লেহীন স্মার্ট স্পিকার তৈরি করছে, যা ঘরে মানুষের মতো সঙ্গী হিসেবে কাজ করতে পারবে।

পরিসংখ্যানও এআইয়ের বিস্তারের চিত্র তুলে ধরছে। লুরি চিলড্রেনস হাসপাতালের চলতি বছরের মে মাসে প্রকাশিত এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৮১ শতাংশ অভিভাবক সন্তান লালন-পালন ও গৃহস্থালি ব্যবস্থাপনায় কোনো না কোনোভাবে এআইয়ের সহায়তা নিয়েছেন। একই সময়ে পিউ রিসার্চের তথ্য অনুযায়ী, প্রায় ৬৪ শতাংশ কিশোর-কিশোরী নিয়মিত চ্যাটবট ব্যবহার করছে।

তবে এআই ব্যবহারের এই প্রবণতা নিয়ে উদ্বেগও রয়েছে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা (ইউএনসি) চ্যাপেল হিলের মনোবিজ্ঞানী অ্যান মাহেক্সের মতে, কিশোর-কিশোরীদের সামাজিক ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ সময়ে অতিরিক্ত এআই নির্ভরতা তাদের বাস্তব মানুষের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও দ্বন্দ্ব মোকাবিলার দক্ষতা দুর্বল করে দিতে পারে।

আরও পড়ুন

বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষেত্রের মতোই পারিবারিক জীবনেও এআই বড় ধরনের পরিবর্তন আনছে। তবে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সুবিধার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা এবং মানবিক সম্পর্কের ভারসাম্য রক্ষা করাও সমান গুরুত্বপূর্ণ।

সূত্র: অ্যাক্সিওস

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission