সারা দেশে আগামী পাঁচ দিনের আবহাওয়া নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, এ সময়ের মধ্যে তাপমাত্রা কখনো বাড়তে পারে, কখনো কমতে পারে, আবার কখনো অপরিবর্তিতও থাকতে পারে।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় জুড়ে সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। মঙ্গলবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বুধবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন শুক্রবার রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংস্থাটি জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এদিকে সোমবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ছিল ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরটিভি/এসকে



