ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০২:০০ পিএম


ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ সারা দেশে আবহাওয়া মোটামুটি শুষ্ক ও সহনীয় থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের কোনো এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। 

বিজ্ঞাপন

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকেই সারা দেশে আবহাওয়া শুষ্ক রয়েছে। এ মাসে এখন পর্যন্ত কোনো শৈত্যপ্রবাহ হয়নি এবং আগামী দু-এক দিনেও শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।

বিজ্ঞাপন

পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রাজধানীতে কুয়াশার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা এলাকায় সকালে হালকা কুয়াশা থাকতে পারে, যা দীর্ঘস্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রাও ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। পুরো বিভাগেই রোদেলা আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম।

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এসব অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সকালে কুয়াশা থাকলেও পরে তা কমে আসবে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ বিভাগের নদী অববাহিকায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগে শীতের তীব্রতা কিছুটা বেশি অনুভূত হতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। এ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালবেলায় কুয়াশা থাকলেও পরে তা কেটে যাবে।

বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভোটের দিনের তাপমাত্রা পূর্বাভাসের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতে পারে। তবে বাতাস সহনীয় থাকবে এবং শীতের তীব্র অনুভূতির কোনো সম্ভাবনা নেই।

অপর আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ভোটের দিন আবহাওয়া বেশ আরামদায়ক থাকবে। সামান্য শীত অনুভূত হলেও রোদেলা ও শুষ্ক আবহাওয়ার কারণে তা ভোটারদের জন্য স্বস্তিদায়ক হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission