ভ্যাপসা গরমে নাজেহাল রাজধানী, গরম থাকবে কতদিন?

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৬:০২ পিএম


ভ্যাপসা গরমে নাজেহাল রাজধানী, গরম থাকবে কতদিন?
প্রতীকী ছবি

টানা চারদিন ধরে ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশবাসী। ইতোপূর্বে ১১ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে। লাগাতার বৃষ্টি না হলে এই গরম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে আবহাওয়াবিদ ওমর ফারুক গণমাধ্যমে বলেন, এখন তো বর্ষার আগ মুহূর্ত। এবার মৌসুমি বায়ু কিছুটা আগে প্রবেশের সম্ভাবনা আছে। মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশের আগে সাধারণত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। এ সময় বাতাস ভারী ও আর্দ্র অনুভূত হয়, ফলে গরমের তীব্রতাও বেশি লাগে।

তিনি বলেন, বঙ্গোপসাগর থেকে উষ্ণ ও আর্দ্র বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করলে বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়ে। এর প্রভাবে ঘাম বেশি হয়, অস্বস্তিকর গরম অনুভূত হয়।

আরও পড়ুন

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লাগাতার বৃষ্টি না হলে ভ্যাপসা গরমের এই অনুভূতি থাকবে। তবে, সাময়িক বৃষ্টি হলেও বৃষ্টি থেমে যাবার কিছুক্ষণ পর গরম আগের মতো অনুভূত হয়।

এদিকে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বৃহস্পতিবার (২১ মে) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission