রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ০৬:১৭ পিএম


রাতে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
ফাইল ছবি

রাতের মধ্যে দেশের ১২ অঞ্চলে হানা দিতে পারে আকস্মিক ঝড়। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসময়। 

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া এক পূর্বাভাস থেকে জানা গেছে এ তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে অস্থায়ী ঝড়। ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

পূর্বাভাস সংক্রান্ত আরেক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার (৫ জুন) সকাল ৯টার মধ্যে মধ্যে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

সংস্থাটি আরও জানায়, চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে বিরাজ করতে পারে অস্বস্তিকর অবস্থা। 

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission