রাতের মধ্যে ঢাকাসহ দেশের ১৭ অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসব এলাকায়।
শনিবার (১৩ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এমন পরিস্থিতিতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে। একইসঙ্গে ওইসব অঞ্চলের নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পৃথক আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সারাদেশের কোথাও কোথাও।
আরটিভি/এসএইচএম




