দেশের ৮ জেলায় ঝড় হানা দিতে পারে রাতের মধ্যে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ের পাশাপাশি বজ্রবৃষ্টিও হতে পারে এসব অঞ্চলে।
বুধবার (১৭ জুন) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার দিবাগত রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড় বয়ে যেতে পারে। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময়।
এ অবস্থায় ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে।
এদিকে, অপর এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানায়, বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমী বায়ু। এছাড়া, লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত।
এ অবস্থায় বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি।
আরটিভি/এসএইচএম




