দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছ। এমন অবস্থায় দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন টানা ভারি বর্ষণ হতে পারে।
এ ছাড়া দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি পূর্বাভাস দিয়েছে।
এতে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আগামী ৩ দিন এবং পরবর্তী দুই দিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময়ের মধ্যে সব বিভাগে কম বেশি বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে।
পূর্বাভাস আরও বলা হয়েছে, রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার ও সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
এ ছাড়া মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে সামান্য বাড়তে পারে। বর্ধিত দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
আরটিভি/ এসকেডি



