রাত ১২টার মধ্যে দেশের ৯ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির শঙ্কাও আছে এ সময়। এ অবস্থায় এসব এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে এ সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরকে প্রযুক্তিগত সহায়তা প্রদানকারী আন্তর্জাতিক ও আন্তঃসরকারি সংস্থা রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস)।
সতর্কবার্তায় বলা হয়েছে, মানিকগঞ্জ, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু স্থানে রাত ১২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে। একই সময়ে নেত্রকোনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকা জেলার কিছু এলাকায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।
রাইমস আরও পরামর্শ দিয়েছে, বজ্রপাতের শব্দ শোনা গেলে কেউ যেন ঘরের বাইরে না যান এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেন।
সংস্থাটির আবহাওয়া বিশেষজ্ঞ গোলাম রাব্বানী বলেন, বজ্রপাতের সময় ঘরের বাইরে কোনো স্থানই পুরোপুরি নিরাপদ নয়। সর্বশেষ বজ্রধ্বনি শোনার পরও অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে অবস্থান করা উচিত। আকাশে কালো মেঘ দেখা গেলে বা বজ্রপাতের শব্দ শোনা গেলে ধান কাটা, মাছ ধরা, খেলাধুলাসহ খোলা জায়গার সব ধরনের কার্যক্রম বন্ধ করে দ্রুত নিরাপদ স্থানে চলে যেতে হবে।
নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, বজ্রপাতের সময় খোলা স্থানে দলবদ্ধ হয়ে না থেকে ছড়িয়ে অবস্থান করতে হবে। বাড়ির উঠানে থাকা, আম বা শিলা কুড়াতে যাওয়া থেকে বিরত থাকতে হবে। গাছের নিচে, উঁচু স্থানে, বৈদ্যুতিক খুঁটির পাশে বা ছেঁড়া বৈদ্যুতিক তারের আশপাশে অবস্থান করাও ঝুঁকিপূর্ণ।
আরটিভি/এসএইচএম




