সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় আগামী চার দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর অতিভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বুলেটিন ও ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি বৃষ্টিপাত হতে পারে। এ কারণে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
নিয়মিত পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা থেকে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এছাড়া শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই ধরনের আবহাওয়া রোববার ও সোমবারও বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়েছে। সকাল ১১টার পর রাজধানী ঢাকায়ও ভারি বৃষ্টি হয়।
আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে পাহাড়ি এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
আরটিভি/এসকে




