images

শিল্প-সাহিত্য

প্রকাশিত হলো শিল্প-সাহিত্যের কাগজ ‘জলছবি’র আসাদ চৌধুরী সংখ্যা

রোববার, ২৬ জুলাই ২০২৬ , ০২:৪৯ পিএম

‘তবক দেওয়া পানের কবি’ খ্যাত আসাদ চৌধুরীকে নিয়ে শিল্প-সাহিত্যের কাগজ ‘জলছবি’র চলতি সংখ্যাটি প্রকাশ হয়েছে। সংখ্যাটিতে কবি জীবনের লেখালেখি, কবি হয়ে ওঠার গল্প ও তার মানস চেতনার বিস্তৃতি ব্যাপকভাবে আলোচিত হয়েছে। চার বছরের দীর্ঘ সাধনায় দেশের গুণী লেখক ও তরুণ প্রজন্মের সমৃদ্ধ লেখায় ৩২ ফর্মার সংখ্যায় নতুন এক আসাদ চৌধুরীকে আস্বাদন করতে পারবেন পাঠকরা। 

শিল্পী হামিদুল ইসলামের চমৎকার প্রচ্ছদে সংখ্যাটিতে লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাহিত্যিক সিরাজুল ইসলাম চৌধুরী, আব্দুল্লাহ আবু সায়ীদ, কে জি মোস্তফা, মুস্তাফা জামান আব্বাসী, আল মুজাহিদী, অসীম সাহা, অনুপম হায়াৎ , সেলিনা হোসেন, আনোয়ারা সৈয়দ হক, ড. খলিলুর রহমান, রেজাউদ্দিন স্টালিন, মাহমুদ কামাল, জাফরুল আহসান, বিলু কবির, মনি হায়দার, তপন বাগচী, জাকির আবু জাফর ও মনসুর আজিজসহ প্রায় শতাধিক লেখক।

এছাড়াও জীবদ্দশায় আখতারুজ্জামান ইলিয়াস ও আবদুল গাফ্ফর চৌধুরীর লেখাও সংকলিত হয়েছে সংখ্যাটিতে।

আরও পড়ুন
ryl

কবি জামসেদ ওয়াজেদসহ ১৮ লেখক-শিল্পী পেলেন সাহিত্য সম্মাননা

আসাদ চৌধুরী সম্পর্কে সিরাজুল ইসলাম চৌধুরী লিখেছেন, আসাদ চৌধুরীর কবিতার জগৎটা আমাদের অপরিচিত নয়, কিন্তু সেই পরিচিতিকে যখন তিনি কবিতায় নিয়ে আসেন তখন মনে হয় ওপর থেকে একটা আবরণ সরে গেছে, চেনা জিনিসকেই নতুন করে চিনতে পারছি। সেটি প্রসন্ন এক অভিজ্ঞতা। এই প্রসন্নতা তাঁর সকল কাজেরই বৈশিষ্ট্য।  

আব্দুল্লাহ আবু সায়ীদ লিখেছেন, ওর কবিতা সহজ। ওর কবিতা সরল। সেখানে আধুনিকতা আছে। আবার দেশজ, লোকজ, এই বাংলার সমস্ত কিছু তার কবিতার মধ্যে আছে। সত্য ন্যায় ও সুন্দরের জন্য ওর মাঝে একটা আকুতি আছে।

কে জি মোস্তফা লিখেছেন, কিছু কিছু মানুষ আছেন যাদের দেখলে মনটা আপনা-আপনি খুশিতে ভরে যায়। চারপাশ অকস্মাৎ আমোদিত হয়ে ওঠে। আসাদ চৌধুরী তাদেরই একজন।

মুস্তাফা জামান আব্বাসী লিখেছেন, খুব কম সংখ্যক লোকই আছেন যাদের কথা শোনার জন্যে সভা-সমিতিতে যেতে ইচ্ছে করে, কম লোকই আছেন যাদের সম্বন্ধে দু’কথা লিখতে ইচ্ছে করে। এমন একজন আসাদ চৌধুরী, সুস্মিত, সুভাষিত নির্মল হাসির একজন কবি, একজন লেখক, একজন নাগরিক। যতদিন দেখা হয়েছে প্রতিবার বিনিময় করেছি পরস্পরের প্রতি ভালোবাসা, মমতা ও উচ্ছ্বাস।

আরও পড়ুন
Web-Image---Copy

হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ

বর্ণাঢ্য এই সংখ্যার প্রকাশের পর জলছবি সম্পাদক ও কবি জামসেদ ওয়াজেদ বলেন, সামগ্রিক বাংলা সাহিত্য কবি আসাদ চৌধুরীর কাছে ঋণী । কবিতার প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগ আমাদের উদ্বুদ্ধ করে তাকে নিয়ে এই সংখ্যাটি করতে। নিরঅহংকার এই কবি বুকে আগলে রাখতেন তার সকল অনুজ কবিকে। তার মিষ্টি ব্যবহার আর হাসিমাখা মুখের যাদুতে আমরা কুপোকাত হতাম। 

তিনি আরও বলেন, আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করা কবিকে নিয়ে সংখ্যাটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আমরা কৃতজ্ঞতা জানাই এই সংখ্যার অংশগ্রহণকারী সকল লেখকদের প্রতি, যারা তাদের মূল‍্যবান লেখা দিয়ে সংখ্যাটি ঋদ্ধ করেছেন।

সংখ্যাটি পাওয়া যাচ্ছে শাহবাগ পাঠক সমাবেশ, আজিজ সুপার মার্কেটের কিশলয় প্রকাশনী, পলল প্রকাশনী ও জননান্তিকে।

আরটিভি/এমএম