সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৫:১৭ পিএম
রাজধানীতে নির্মাণাধীন ভবনের বেজমেন্টে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহার (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসা বিকেল সোয়া ৩টায় তাকে মৃত ঘোষণা করেন।
মনির নামে এক ডেপুটি ইঞ্জিনিয়ার আজাহারকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, আজাহার আমাদের নির্মাণাধীন ১৪তলা ভবনের দেয়াল ও ফ্লোরে পানি দেওয়ার কাজ করেন। দুপুরের দিকে বেজমেন্টে মোটর চালিয়ে জমা পানি বাইরে ফেলার সময় অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।
আরটিভি/আইএম