শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ০৭:৩৬ পিএম
ঢাকার মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে যাওয়া সিংহটিকে আবারও খাঁচায় ঢোকানো হয়েছে। বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়ার পর অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বের হয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, ‘বিকেল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। তবে, সে পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল।’
তিনি আরও বলেন, আমরা দর্শনার্থীদেরকে সরিয়ে দিয়েছি। এর ফলে তাকে (সিংহ) কেউ উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল সে। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এখন সে ঝিমুচ্ছে।
কীভাবে সিংহটি খাঁচা থেকে বের হলো— এমন প্রশ্নের জবাবে চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘খাঁচায় প্রবেশ এবং বাহিরের পথ একটিই। বের হওয়ার বিষয়টি আসলে তদন্ত ছাড়া বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত করবো; তারপর কারণটি জানা যাবে।’
আরটিভি/এসএইচএম