images

রাজধানী

থানার ভেতর থেকে পুলিশের মোটরসাইকেল নিয়ে গেল চোর

রোববার, ১১ জানুয়ারি ২০২৬ , ১১:৩২ এএম

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে পুলিশের ব্যবহৃত একটি মোটরসাইকেল চুরি হয়েছে। সিসিটিভির ফুটেজে দেখা যায়, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে যাচ্ছেন। 

শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইয়ামাহা কোম্পানির ‘এফজেডএস ভার্সন-২’ মডেলের কালো রঙের মোটরসাইকেলটি ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফিরোজের। মোটরসাইকেলটি থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় ছিল। ভোরের দিকে দুই ব্যক্তি তালা ভেঙে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।

ফুটেজে দেখা গেছে, দুই ব্যক্তি মুখোশ পরে থানার গেটের সামনে ঘোরাফেরা করছেন। একপর্যায়ে এক ব্যক্তি থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন। আরেকজন থানার বাইরে পাহারা দেন। পরে দুজন মিলে বাইকটি ঠেলে থানা এলাকা থেকে বের করে নিয়ে যান।

আরও পড়ুন
Dhaka

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

এএসআই ফিরোজ বলেন, শুক্রবার রাতে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে দায়িত্ব পালন করছিলেন। সকালে থানায় ফিরে দেখেন, যেখানে মোটরসাইকেলটি রেখেছিলেন, সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজ দেখে তিনি জানতে পারেন, মুখোশধারী দুই ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেলে একটি জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ট্র্যাকার লাগানো ছিল। চোরেরা মোটরসাইকেলটি থানার বাইরের একটি গলিতে নিয়ে গিয়ে সেই জিপিএস ট্র্যাকার খুলে ফেলে। ফলে তিনি এখন মোটরসাইকেলটির অবস্থান শনাক্ত করতে পারছেন না।

তবে থানার ভেতরে চুরির বিষয়টি অস্বীকার করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি বলেন, থানার ভেতরে নয়, বাইরের গ্যারেজ থেকে মোটরসাইকেলটি চুরি হয়েছে।

আরটিভি/এস