images

রাজধানী

ঢাকায় গণপিটুনিতে যুবক নিহত

সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০ এএম

রাজধানীর শ্যামপুরে গণপিটুনিতে আব্দুর রহিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পোস্তগোলা শ্মশান ঘাট সংলগ্ন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নতুন প্রজেক্টের ভেতরে তাকে মারধর করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

বিপ্লব নামে বিআইডব্লিউটিএ প্রজেক্টের এক সাইট ইঞ্জিনিয়ার তাকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিআইডব্লিউটিএ’র প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন আব্দুর রহিমকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আজ ভোর ৫টার দিকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তার মৃত্যু হয়।

আরও পড়ুন
Web-Image09

ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম