images

রাজধানী

ঢাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা

রোববার, ১২ এপ্রিল ২০২৬ , ০৭:১৮ পিএম

ঢাকার মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সাইফ (২৩), তুহিন (২০) ও রাব্বি কাজী (২৫)। তবে গ্রেপ্তাররা কোন গ্রুপের সদস্য তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি পুলিশ।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এ ঘটনা ঘটে। 

ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
Web-Image9

তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫২

তিনি জানান, কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন নিহত হয়েছে। বর্তমানে তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩টি চাপাতি, ১টি কাটার ও ১টি স্টিলের পাত উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপ ও আরমান-শাহরুখ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই আজ দুই গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এলেক্স ইমন গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরটিভি/এমএ