সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০২:৪৩ পিএম
রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে আশরাফুল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে মহাখালীর আমতলী ‘হোটেল জাহাদ’ এর পঞ্চম তলার ২০ নম্বর রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃতদেহের সুরতহাল প্রতিবেদনে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান উল্লেখ করেন, আশরাফুলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামে। তিনি পেশায় কাঠমিস্ত্রি।
সুরতহাল প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রোববার রাতে হোটেল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে ২০ নম্বর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঝুলন্ত অবস্থায় আশরাফুলের মরদেহ পাওয়া যায়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
আরটিভি/আইএম