images

রাজধানী

রাজধানীজুড়ে বৈশাখী উৎসবের হাট

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১১:২৯ এএম

বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখের আনন্দঘন মুহূর্ত। চৈত্রের শেষ দিন পেরিয়ে নতুন বাংলা বছরের সূচনাকে ঘিরে রাজধানী ঢাকায় এখন উৎসবের আমেজ বিরাজ করছে। গ্রামবাংলার মতো ঐতিহ্যবাহী মেলার স্বাদ শহরে না মিললেও নগরজীবনে এখন বৈশাখী আয়োজন হয়ে উঠেছে আরও প্রাণবন্ত।

নানা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে বসেছে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ উৎসব। পরিবার ও বন্ধুদের সঙ্গে নতুন বছর উদযাপন করতে চাইলে ঢাকায় কোথায় কী আয়োজন রয়েছে তা জেনে নেওয়া যেতে পারে।

বাংলা একাডেমি প্রাঙ্গণ:
বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বৈশাখী মেলা। ১৪ থেকে ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই মেলা। এখানে পাওয়া যাচ্ছে মাটির তৈরি পণ্য, নকশিকাঁথা, হস্তশিল্পসহ নানা ধরনের দেশীয় পণ্য।

বনানী যাত্রাবিরতি:
বনানীর যাত্রাবিরতিতে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবে রয়েছে বাউল গান, নাচ, পুতুলনাচ ও বায়োস্কোপ প্রদর্শনী। লোকজ সংস্কৃতির নানা আয়োজনের সঙ্গে রয়েছে ব্যান্ড পরিবেশনাও।

আরও পড়ুন
bangla_new_year

বৈশাখী শোভাযাত্রায় নতুন আকর্ষণ, ডিএমপির অশ্বারোহী দল

গুলশান–তেজগাঁও এলাকা:
আলোকি প্রাঙ্গণে আর্কা কালেকটিভের আয়োজনে চলছে দুই দিনব্যাপী বৈশাখী উৎসব। এখানে রয়েছে মেলা, খেলাধুলা, খাবারের স্টল এবং মঞ্চে বিভিন্ন ব্যান্ডের পরিবেশনা।

বনানী কামাল আতাতুর্ক পার্ক:
এখানে লাল বৈশাখী উৎসবে রয়েছে নাগরদোলা, বায়োস্কোপ, ফটোবুথ এবং নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি থাকছে কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে অংশ নিচ্ছে জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা। 

আগারগাঁও:
বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এসএমই বৈশাখী মেলা। এখানে তিন শতাধিক স্টলে দেশীয় পণ্য ও খাবারের সমাহার রয়েছে। পাশাপাশি প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে।

ভাটারা এলাকা:
শেফস টেবিল কোর্টসাইডে অনুষ্ঠিত হচ্ছে উৎসবে বৈশাখ। এখানে আলপনা, বাউল গান, পুতুলনাচ, নাগরদোলা ও খেলাধুলার পাশাপাশি কনসার্টের আয়োজন রয়েছে।

এছাড়া রাজধানীর প্রায় প্রতিটি পাড়া-মহল্লায় ছোট-বড় নানা বৈশাখী আয়োজন চলছে। স্থানীয় উদ্যোক্তাদের পণ্য, খাবার ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো শহর এখন উৎসবমুখর হয়ে উঠেছে।


আরটিভি/জেএমএ