images

রাজধানী

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৫:২৯ পিএম

কয়েক দিনের তীব্র তাপদাহের পর অবশেষে ঢাকায় স্বস্তির বৃষ্টি নেমেছে, যা শহরবাসীকে প্রচণ্ড গরম থেকে বড় ধরনের স্বস্তি দিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেল ৪টার পর ঢাকার বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা বাতাস। আকাশে ঘন মেঘ জমায় বিকেলেই নেমে এসেছে রাতের অন্ধকার। এর আগে দুপুর ২টা থেকেই আকাশে মেঘ জমতে থাকে।

এদিন বিকেলে রাজধানীর বাংলামোটর ও কারওয়ানবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এছাড়াও বিভিন্ন স্থান বৃষ্টিতে ভিজেছে বলে জানিয়েছেন সময় সংবাদের প্রতিনিধিরা।

আরও পড়ুন
1_20260405_082112238

চার বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়


 
বৃষ্টির ফলে স্বস্তি প্রকাশ করে বেসরকারি চাকরিজীবী সাজ্জাত বলেন, বৃষ্টির কারণে অফিস শেষে বাসায় যেতে পারছি না। পথে আটকে আছি। তবুও স্বস্তি লাগছে। কয়েক দিনের তীব্র গরমের পর এমন বৃষ্টিতে ভালো লাগছে।
 
এদিকে, আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর চেয়ে অধিক বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। 

এ সময় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
 
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।  
 
ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।      
 
আরটিভি/এমএম