বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১১:২৩ এএম
রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ (৩৬) নামে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাবের সদস্যরা।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৩ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকী।
গ্রেপ্তার বোমা বিদ্যুৎ শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বোমা বিদ্যুৎতের ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা, শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এরমধ্যে চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি।
একাধিক সময়ে আদালত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে রেখেছিলেন। পরবর্তীতে র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করে।
গত বুধবার (২৯ এপ্রিল) মতিঝিল থানাধীন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এসআর