সোমবার, ০৪ মে ২০২৬ , ০৮:০৫ পিএম
রাজধানীতে চাপাতি দিয়ে কুপিয়ে মো. হৃদয় (২৩) নামে এক দোকান কর্মচারীর কাছ থেকে ২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় তার কাছ থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোন, একটি রিয়েলমি ও একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোনও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
সোমবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা হাউজিংয়ের অ্যাভিনিউ-২ এলাকায় ‘আয়েশা টেলিকম’ এর সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী হৃদয় জানান, সকালে দোকান খোলার উদ্দেশ্যে তিনি এভিনিউ-২ এলাকায় যান। পরে দোকানের সামনে ব্যাগ রেখে পাশের একটি চায়ের দোকানে কিছুক্ষণ বসে ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে দুই ব্যক্তি এসে তার পাশে বসে কথাবার্তা শুরু করেন। এক পর্যায়ে তারা চাপাতি দেখিয়ে তার ব্যাগে থাকা ২ লাখ টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এক দুর্বৃত্ত তার বাম হাতে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে তারা অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পুলিশ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঢাকা উদ্যান এলাকার শীর্ষ ছিনতাইকারী আকাশ ও আরজুকে শনাক্ত করা হয়েছে। তবে অটোরিকশা চালকের মুখে মাস্ক থাকায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। কিছুদিন আগে জেল থেকে বের হয়ে আকাশ পুনরায় ছিনতাই কাজে নেমে পড়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, ঘটনার পরপরই পুলিশ একাধিক টিম নিয়ে গুরুত্বসহকারে কাজ শুরু করেছে। ইতোমধ্যে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/আইএম