রাজধানীর শাহবাগের একটি ভাড়া বাসা থেকে এক তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ মে) দুপুরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবিদ হাসান জিসানের (২৬) গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। তার বাবার নাম আহসান হাবিব।
নিহতের সহকর্মী হাফিজুর জানান, জিসান ২০১৮-১৯ শিক্ষাবর্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে ইন্টার্নশিপ শেষ করে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
তিনি আরও জানান, তারা কয়েকজন মিলে হাবিবুল্লাহ রোডের ওই বাসায় থাকেন। দুপুরে বাসায় ফিরে জিসানকে তার রুমমেট দীপ্ত সিংহ অস্বাভাবিক অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর আড়াইটায় তাকে মৃত ঘোষণা করেন।
রুমমেট দীপ্ত বলেন, সকালে রুম থেকে বের হওয়ার সময়ে দেখছিলাম, জিসান তার বাড়িতে কথা বলছিল।
নিহতের ভাই জাহিদ হাসান জানান, জিসান বেশকিছু দিন ধরে হাইপারটেনশনে (উচ্চ রক্তচাপে) ভুগছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আরটিভি/আইএম



