images

রাজধানী

গাবতলীতে ঘরমুখো মানুষের চাপ

শুক্রবার, ২২ মে ২০২৬ , ০১:০৮ পিএম

 

ঈদুল আজহাকে সামনে রেখে টানা ছুটি শুরু হচ্ছে দুদিন বাদেই। তবে অনেকে যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই বাড়ি ফিরছেন। তাই ভিড় বেড়েছে রাজধানীর বাস টার্মিনাল গুলোতে। 

শুক্রবার (২২ মে) সকাল থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে একের পর এক ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। সকালে দূরপাল্লার বাস কাউন্টার কল্যাণপূর ও গাবতলী ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, অন্যান্য দিনের তুলনায় যাত্রীদের উপস্থিতি অনেক বেশি। বিভিন্ন পরিবহনের কাউন্টারে টিকিট সংগ্রহে ব্যস্ত যাত্রীরা। কোথাও কোথাও কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। সকাল থেকেই কাউন্টারে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যস্ত সময় পার করছেন দূরপাল্লার পরিবহনের কাউন্টার মাস্টাররা। যাত্রী ডাকতে হাঁকডাকে সরগরম পুরো টার্মিনাল এলাকা।

কল্যাণপুর দূরপাল্লার বাস কাউন্টার ঘুরে দেখা যায়, কাউন্টারের ভেতরে ও বাইরে যাত্রীদের চাপ বেড়েছে। কাউন্টারগুলোর সামনে দূরপাল্লার পরিবহন এসে দাড়াঁতেই নির্ধারিত গাড়িতে উঠতে ব্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা।

আরও পড়ুন
LITy

ঢাকায় পশুর হাটে নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার অনিক বলেন, সকাল থেকেই যাত্রীর চাপ। কিছুক্ষণ আগেও যাত্রী কাউন্টারের সামনে থেকে সরাতে পারছিলাম না। সকাল থেকে অন্তত আমাদেরই ২০টি গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়িতে আসন ফাঁকা নেই। শুক্রবার হওয়ায় সকালে যাত্রীর এতো চাপ।

গোল্ডেন লাইনের কাউন্টার মাস্টার মো. রনি বলেন, যাত্রীর চাপ খারাপ না। সকাল থেকে ১৯টি গাড়ি ছেড়ে গেছে। কোনো গাড়িতে আসন ফাঁকা ছিল না। সাধারণ দিনগুলোতে এই (৯টা ৩০ মিনিট) সময়ের মধ্যে ১০ থেকে ১১টি গাড়ি ছেড়ে যায়। কিন্তু আজ সকাল থেকে যাত্রীর চাপ থাকায় গাড়ি বেশি ছাড়তে হয়েছে।

পরবর্তী গাড়িতে আসন ফাঁকা আছে কি না জানতে চাইলে তিনি আরও বলেন, সব গাড়িতেই মোটামুটি কিছু কিছু আসন ফাঁকা। তবে আগামী ২৫, ২৬, ২৭ তারিখের কোনো গাড়িতে আসন ফাঁকা নেই।

পাবনাগামী যাত্রী রাহাত বলেন, সাধারণত এত আগে বাড়ি ফেরা হয় না। ক্যাম্পাস ছুটি হয়ে যাওয়ায় আগেভাগে বাড়ি যেতে পারছি। কাউন্টারে এসে টিকিট কেটেছি। টিকিট পেতে খুব বেশি ঝামেলায় পড়তে হয়নি।

রাজশাহীর যাত্রী ইমরান বলেন, অগ্রিম টিকিট কাটিনি। কাউন্টারে এসে টিকিট কেটেছি। এসেই টিকিট পেয়েছি। টিকিট পেতে কোনো ঝামেলায় পড়তে হয়নি। সাড়ে ১০টার সময় গাড়ি। আশাকরি ভালোভাবে ভোগান্তি ছাড়া বাড়িতে পৌঁছাতে পারবো।

এদিকে, ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করে থাকেন। গত মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে। সেই হিসেবে আগামী ২৮ মে (১০ জিলহজ) দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদ ঘিরে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত আগে থেকেই ছুটি নির্ধারিত ছিল। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ২৫ মে-ও ছুটি ঘোষণা করেছে সরকার। সেই হিসাবে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ চাকরিজীবীরা।

আরটিভি/এমএস