বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ১১:৫৯ এএম
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে একটি সংঘবদ্ধ চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
বুধবার (১০ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন, আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে তিনি জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ভাসমানভাবে বসবাস করে মিরপুর-১০ কেন্দ্রিক চলন্ত মোটরসাইকেলের পেছনে থাকা ব্যাগ টার্গেট করে চুরি করে আসছিল। সম্প্রতি তাদের এই কর্মকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
এরপর মিরপুর মডেল থানার একটি টিম গত মঙ্গলবার মিরপুর-১০ এলাকায় চুরি ও ছিনতাই প্রতিরোধে অভিযান চালানোর সময় চক্রটিকে ফের একই ধরনের চেষ্টাকালে হাতেনাতে আটক করে।
গ্রেপ্তার তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
আরটিভি/এসকে