images

রাজধানী

শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী ৭ দিনের রিমান্ডে

শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ০৬:২৪ পিএম

এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।  

শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।

দুই আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিনুর রহমান জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দুইটি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, ইসমাইল হোসেন পেশায় একজন ব্যবসায়ী। পাশাপাশি তিনি মতিঝিল থানাধীন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে কোরবানির অস্থায়ী গরুর হাটের ইজারাদার। গত ১৫ মে রাত সাড়ে ১১টার দিকে মতিঝিল থানাধীন এজিবি কলোনীতে অবস্থানকালে তার ব্যবহৃত মোবাইলে হোয়াটসঅ্যাপে কল আসে। কল রিসিভ করার পর আসামি গরুর হাটে অংশীদার হিসেবে তার মনোনীত লোককে রাখার জন্য চাপ সৃষ্টি করেন।

আরও পড়ুন
images

ঢাকায় পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩

এ সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী টাকা না দিলে এবং তাদের মনোনীত ব্যক্তিকে দায়িত্বে না দিলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়। চার দিন পর, গত ১৯ মে সকাল ১০টার দিকে কোরবানির পশুর হাট-সংক্রান্ত একটি সভায় থাকা অবস্থায় তার ভাগনে হৃদয় মোবাইল ফোনে জানান, ভোরে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তার অফিসে গুলি চালিয়েছে। এ ঘটনায় পরদিন ২০ মে ইসমাইল হোসেন বাদী হয়ে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম ঠিকানা যাচাই ও সহযোগী পলাতক গুলি বর্ষনকারীসহ অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের শনাক্তসহ সঠিক নাম ঠিকানা সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধারে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড দরকার।

উল্লেখ্য, বাপ্পি আরেক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অন্যতম সহযোগী বলে জানা যায়।

আরটিভি/এমএ