images

রাজধানী

গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, মা-শিশুকে বাঁচাল আনসার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ০৩:৫২ পিএম

রাজধানীতে এক নারী ও তার ১১ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। তবে আনসার সদস্যদের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে তারা প্রাণে বেঁচে যান। 

বুধবার (২২ জুলাই) বিকেলে হাতিরঝিলের রাজউক প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে। পরে ‎বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য জানানো হয়। 

টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদোয়ান জানান, বিকেলে এক নারীকে কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করতে দেখেন তারা। বিষয়টি নজরে আসামাত্র দ্রুত ছুটে গিয়ে তারা ওই নারীকে বাধা দেন। কিন্তু তিনি বাঁচতে চান না বলে বারবার চিৎকার করতে থাকেন এবং রাস্তা থেকে সরে যেতে অস্বীকৃতি জানান।

পরবর্তী সময়ে সেখানে থাকা র‍্যাব-৩-এর একটি টহল দল এগিয়ে আসে। সবাই মিলে ওই নারীকে আশ্বস্ত করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এরপর হাতিরঝিল থানার ডিউটি অফিসারের সহায়তায় ওই নারীর কাছে থেকে তার পরিবারের মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ করা হয়।

আরও পড়ুন
Web-Image12

বুড়িগঙ্গা থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরনে ছিল নীল রঙের গেঞ্জি

সংবাদ পেয়ে ছুটে আসেন ওই নারীর স্বামী শরিফুল ইসলাম। 

তিনি জানান, তার স্ত্রী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন তারা। এ সময় মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে শিশুকে নিয়ে বের হয়ে যান তার স্ত্রী। পরে আনসার সদস্যরা মা ও শিশুকে অক্ষত অবস্থায় তার স্বামীর কাছে হস্তান্তর করেন।

স্ত্রী ও সন্তানের জীবন রক্ষায় আনসার সদস্যদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরটিভি/আইএম