images

রাজধানী

যেভাবে গ্রেপ্তার হলেন জিসান গ্রুপের সদস্যরা, ব্যবহার করতেন ওয়াকিটকি

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ , ১০:৩৫ এএম

ঢাকার খিলগাঁও, গোড়ান ও মালিবাগ এলাকায় সক্রিয় জিসান গ্রুপের তিন সদস্যকে বিদেশি পিস্তল, গুলি ও ওয়াকিটকি সেটসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। গ্রেপ্তারকৃতরা মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছে এলিট ফোর্সটি।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকার শাহজাহানপুর র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

গ্রেপ্তারকৃতরা হলেন- স্বাধীন আহমেদ রনি (৩৫), সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মেহেদী হাসান (২৪)।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন বলেন, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ছিল র‍্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধি। এসময় স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের সহযোগী ও কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় র‍্যাব।

পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট ও দুটি ওয়াকিটকির চার্জার জব্দ করা হয়।

আরও পড়ুন
Web-Image2

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনির দেওয়া তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের আরও দুই সহযোগী মো সাজ্জাদ হোসেন সোহাগ (৩০) ও মো মেহেদী হাসানকে (২৪) পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়। তাদের ঘর থেকে তিনটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব-৩ এর অধিনায়ক জানান, তারা দীর্ঘদিন ধরে জিসান গ্রুপের হয়ে খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প ও নির্মাণ ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন আরও জানান, সাধারণ মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান সফল হয়েছে। পরবর্তীতে এমন অভিযান চলমান থাকবে।

আরটিভি/টিআর