রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:১৭ এএম
খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণির হোটেল জেড এন প্যালেস নামক আবাসিক হোটেল থেকে ইয়াবা-বিদেশি অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) মধ্যরাতে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামের অস্ত্রধারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত বেলাল নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রাস্থ (পার্ট-১) ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা মৃত কামরুদ্দিন খানের ছেলে। অস্ত্রসহ বেলাল হোটেলে উঠেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।
এ সময় গ্রেপ্তার বেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪৭৬ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পিস্তল ম্যাগজিন উদ্ধার করে যৌথ বাহিনী।
গ্রেপ্তার বেলালকে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও গুলিসহ সোনাডাঙ্গা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টা ১২ মিনিটে কেএমপির সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, অভিযানের খবর আমাদেরকে জানানো হয়েছে। তবে এখনো আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হোটেল থেকে অভিযানে গ্রেপ্তারকৃত বেলাল এখনো যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হবে।
আরটিভি/এএএ