images

দেশজুড়ে

যুবককে নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ , ০২:০৯ পিএম

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অভিযোগে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে সিরাজুল ইসলামের নামে। শনিবার (২২ নভেম্বর) উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

নির্যাতনের শিকার ওই যুবকের নাম রসুল আলী (২৮)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিন বেলা তিনটার দিকে সালিশের নাম করে ওই যুবককে গ্রামের প্রাথমিক বিদ্যালয় মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেন গ্রামের কয়েকজন ব্যক্তি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবককে মাটিতে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি। সেই দৃশ্য দেখছেন গ্রামবাসী। একপর্যায়ে তাকে তুলে তিনবার কান ধরে উঠবস করানো হয়। এরপর তাকে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। এ সময় কেউ এ বিচারের বিরুদ্ধে কথা বললে তারও বিচার করা হবে বলে চিৎকার করে বলতে থাকেন কয়েকজন ব্যক্তি।

আরও পড়ুন
Web-Image

বরিশালে হেলে পড়েছে ভবন, দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

সেই দৃশ্য দেখছেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে তুলে একাধিকবার কান ধরে উঠবস করানো হয়। পরে ওই যুবককে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে সিরাজুল ইসলামের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

পল্লী চিকিৎসক এনামুল হক জানান, তার বাড়িতে রসুল আলী গরু চুরি করতে ঢুকেছিল। তার ছেলে ও পরিবারের অন্যরা ঘটনা বুঝতে পারলে পেলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তিনি গ্রামের মাতব্বরদের কাছে বিচার দেন। অভিযুক্ত রসুলের বাবা তার কাছে ক্ষমা চাইতেও এসেছিল বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে রসুলের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা আব্দুল মান্নান এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।

ভায়না ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা তুষার বলেন, এমন ঘটনার কথা আমিও শুনেছি। এর বেশি কিছু আমি বলতে পারছি না।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আইন বহির্ভূত এমন সালিশ কেউ করতে পারে না। এ বিষয়ে নির্যাতিত ওই যুবক বা তার পরিবারের কেউ থানায় অভিযোগ দেয়নি। তবুও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।

আরটিভি/এমএ