শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ০৯:২১ এএম
ঝিনাইদহে ভাতিজির বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম কদে বেগম (৫০)। তিনি শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের (ভাতিজি) বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে যান কদে বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ বিষয়ে আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরটিভি/আইএম