বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:২২ পিএম
দীর্ঘ ১১ বছর পালিয়ে থেকেও রক্ষা পেলেন না ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মানিক মন্ডল। অবশেষে ধরা পড়লেন পুলিশের হাতে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাবনার চাটমোহর থানা পুলিশ।
মানিক চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ মন্ডলের ছেলে। তিনি ২০১৪ সালে একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালে মানিক মন্ডল নিজ এলাকার জনৈক এক নারীকে ধর্ষণ করে এলাকা থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী ওই নারী একই বছরের ১ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। এরপর পাবনার আদালতে দীর্ঘ শুনানি শেষে মানিক মন্ডলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া।
পুলিশ জানায়, গাজীপুরের জয়দেবপুর এলাকায় পরিচয় গোপন করে স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতেন মানিক। এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পেরে চাটমোহর থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ঘটনার পর থেকে মানিক মন্ডল এলাকা ছেড়ে চলে যান। দীর্ঘদিন সে পরিচয় গোপন করে পালিয়ে ছিলেন। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরটিভি/এফএ