images

দেশজুড়ে / অর্থনীতি

আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ১২:২১ এএম

ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের বিভিন্ন জায়গায় একদিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমবে। 

রোববার (৭ ডিসেম্বর) খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৪০ টাকা দরে। একদিন আগে এ দর ছিল কমবেশি ১৫০ টাকা। তবে দিনাজপুর ও চট্টগ্রামে দাম ছিল আরও কম। দিনাজপুরে ১০০ টাকার আশপাশে ও চট্টগ্রামের খাতুনগঞ্জে দর ছিল ১০০ থেকে ১২০ টাকা। এই দুই জেলায় একদিন আগেও পেঁয়াজের কেজি খুচরায় বিক্রি হয়েছে ১৩০ থেকে ১৫০ টাকায়।

আরও পড়ুন
Web-Image

ছোট ভাইয়ের বঁটির কোপে বড় ভাই নিহত  

মাসখানেক আগে হঠাৎ অস্থির হয়ে ওঠে পেঁয়াজের বাজার। চার-পাঁচ দিনের ব্যবধানে ৪০ টাকার মতো বেড়ে যায় দাম। প্রতি কেজির দর ওঠে ১১৫ থেকে ১২০ টাকায়। এরপর সরকার আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিলে দর কিছুটা কমতে থাকে; ধীর ধীরে কমে ১০৫ থেকে ১১০ টাকায় নেমে আসে। তবে সরকার আমদানির সিদ্ধান্ত থেকে সরে গেলে ফের ১৫০ টাকা স্পর্শ করে দাম। অবশেষে বাজার সহনীয় রাখতে রোববার থেকে সীমিত আকারে আমদানির অনুমতি দেয় সরকার।

শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় জানায়, প্রতিদিন ৫০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে। গত ১ আগস্ট থেকে যেসব আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন, তারাই কেবল আবেদন ফের দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরটিভি/একে