শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ , ১০:৪৮ এএম
চট্টগ্রামের পটিয়া থানায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সেলফি ও ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।
ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক এবং কনস্টেবল মো. সেলিম।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিম (২১) গ্রেপ্তার হন। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং ওই এলাকার ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় তিনি নিজের ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
একটি স্ট্যাটাসে মহিম লেখেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোন একদিন। জয় বাংলা।
পরবর্তীতে থানার অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এইদিন দিন নয়, দিন আরও আছে।
এছাড়া, থানায় থাকা অবস্থায় ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের একটি ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন তিনি, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।
এদিকে ক্লোজড হওয়ার খবর জানতে পেরে কনস্টেবল সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে পটিয়া থানার এসআই মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে ক্লোজড করা হয়েছে।
আরটিভি/এসকে